
রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় শহীদ সেনা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবির প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
আজ পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর পূর্তি। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নির্মমভাবে নিহত হন।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম শোকাবহ এই দিনটি এবারই প্রথম ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণায় প্রতিবছর ২৫ ফেব্রুয়ারিকে এ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ২০০৯ সালের সেই ভয়াল ঘটনা ছিল দেশের সার্বভৌমত্বের ওপর এক বড় আঘাত। ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধেও বাংলাদেশ এত সংখ্যক সেনা কর্মকর্তাকে একসঙ্গে হারায়নি। শহীদদের আত্মত্যাগের এই বেদনার দিন জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
মন্তব্য করুন