পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার প্রভাব পড়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল ২০২৫-এ। বিসিসিআই জানিয়েছে, পরিস্থিতির কারণে আপাতত এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সপ্তাহেই পুনরায় খেলা শুরু হবে।
বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে চলমান ম্যাচ হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। শুরুতে বলা হয়, ফ্লাডলাইট কাজ না করায় খেলা বন্ধ হয়েছে। কিন্তু পরে জানা যায়, নিরাপত্তা শঙ্কাই এর মূল কারণ। পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ফলে ঝুঁকির মধ্যে পড়ে ম্যাচ।
ঘটনার সময় মাঠে থাকা এক চিয়ারলিডার সামাজিক মাধ্যমে লেখেন, “পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হয় খেলার মাঝপথে। খুব ভয় লাগছিল। সবাই চিৎকার করছিল—বোমা আসছে। এখনও ভয় লাগছে। আমরা ধর্মশালা ছাড়তে চাই।”
এই ঘটনার পরপরই বিসিসিআই এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি বিবেচনায় এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করা হয়েছে। তবে পুরো টুর্নামেন্ট বাতিল নয়।
এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ধর্মশালার ম্যাচটি ফল ছাড়াই শেষ হয়েছে। এখনও বাকি ১৬টি ম্যাচ, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের শেষ দিকের খেলা, কোয়ালিফায়ার এবং ফাইনাল।
সূচি অনুযায়ী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি ঠিক না হলে বিসিসিআই বিকল্প সময় নিয়ে ভাবছে। সম্ভাব্য বিকল্প সময় হিসেবে সেপ্টেম্বরে এশিয়া কাপ বাতিল হলে সেই সময় আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের চিন্তাও করা হচ্ছে।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটানস, ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষদিকে জমে উঠছিল টুর্নামেন্ট। তাই বিসিসিআই দ্রুত খেলা মাঠে ফেরাতে চায়।
মন্তব্য করুন