দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ঐতিহাসিক জয়ে জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রীর সংবাদ শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, পাকিস্তানের বিপক্ষে এই স্মরণীয় জয় দেশের ক্রিকেটে নতুন গৌরব যোগ করেছে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, লড়াইয়ের মানসিকতা এবং দুর্দান্ত নৈপুণ্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
ঢাকার মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম খেলায় পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি জয় এসেছিল পাকিস্তানের মাটিতে। এবার ঘরের মাঠেও জয় তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ।
খেলায় পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। বাংলাদেশের গতি ও স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৬৩ রানে গুটিয়ে যায় দলটি।
বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান তরুণ পেসার নাহিদ রানা। গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামও দারুণ বোলিং করেন।
ব্যাট হাতেও লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্বশীল ইনিংস খেলেন। পাশাপাশি মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমও গুরুত্বপূর্ণ রান যোগ করেন।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই জয় শুধু একটি ম্যাচ জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আত্মবিশ্বাস ও সামর্থ্যের বড় প্রমাণ। দীর্ঘদিন ধরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপও ঘুচল এই জয়ে।
ঐতিহাসিক এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন স্থানে উচ্ছ্বাসে মেতে ওঠেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই এটিকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা জয় হিসেবে উল্লেখ করছেন।
মন্তব্য করুন