বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের। সেই হতাশা নিয়েই শনিবার মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামছে লে ব্লু।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের বিদায়ী কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, এই ম্যাচ খেলার মানসিকতা তাদের নেই। তবে জাতীয় দলের জার্সির মর্যাদা রক্ষায় তারা ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, “এটি কোনো প্রীতি ম্যাচ নয়, বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আমি, খেলোয়াড়রা এবং পুরো কোচিং স্টাফ এই শেষ লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। অবশ্যই এটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ নয়। ইংল্যান্ডও এই ম্যাচটি খেলতে চায় না, আমরাও চাই না। কিন্তু বাস্তবতা হলো, এখন আমাদের এই ম্যাচেই নিজেদের সেরাটা দিতে হবে।”
দেশম বলেন, জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর অর্থই হলো সর্বোচ্চ দায়িত্ব পালন করা। তাই শেষ ম্যাচেও দলের লক্ষ্য থাকবে তৃতীয় স্থান নিশ্চিত করা।
একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, ফ্রান্সের কোচ হিসেবে এটিই তার শেষ ম্যাচ। দেশম বলেন, “আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে, যাতে আমরা তৃতীয় স্থান অর্জন করতে পারি। এই জার্সি পরলে দায়িত্ব পালন করতেই হয়। আমার কাছে পরিষ্কার, কোচ হিসেবে এটাই আমার শেষ ম্যাচ। আমি চাই না কেউ কাঁদুক। শেষটা খুব কাছে, কিন্তু জীবন থেমে থাকে না।”
অন্যদিকে, সেমিফাইনালে হারের হতাশার কথা স্বীকার করেছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তবে বিদায়ী কোচকে জয় উপহার দেওয়ার তাড়নাও কাজ করছে বলে জানান তিনি।
কোনাতে বলেন, “আমাদের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চাইনি। কিন্তু এখন এটাই বাস্তবতা। আমরা আমাদের কোচকে একটি জয় উপহার দিতে চাই। ফ্রান্স দলের জন্য তিনি অনেক কিছু করেছেন। তাই তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং অন্তত ব্রোঞ্জ পদক জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
মন্তব্য করুন