
২০২৫ সালের পবিত্র হজ ফ্লাইট উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করেন তিনি।
প্রথম হজ ফ্লাইটটি আজ রাত ২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে (এসভি ৩৮০৩) ৩৯৮ জন হজযাত্রী ঢাকা ত্যাগ করবেন।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪,১৮০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৮টি ফ্লাইট জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ২টি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
হজ ফ্লাইট উদ্বোধনের পর ধর্ম উপদেষ্টা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “আমরা চাই, দেশের হজযাত্রীরা যৌক্তিক খরচে পবিত্র হজ পালন করতে পারেন, এবং এজন্য আমরা নিবন্ধনসহ বিভিন্ন প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছি।”
এ বছর তিনটি এয়ারলাইনস ২৩২টি প্রাক্-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি ফ্লাইটে ৪৪,৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩,০৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। ৩১ মে পর্যন্ত প্রাক্-হজ ফ্লাইট চলবে, এবং ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন, এর মধ্যে ৫,২০০ জন সরকারি এবং ৮১,৯০০ জন বেসরকারি মাধ্যমে হজে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।
মন্তব্য করুন