
রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২৮ এপ্রিল) রাতে হল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন—রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মানিক চন্দ্র সেন, এস এম লাবু ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের মো. মেহেদী হাসান মিরাজ, এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সেজান আহমেদ (আরিফ)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভা, শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত এবং শহীদ মুখতার ইলাহী হলের নীতিমালা-২০১৫ অনুযায়ী এই চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়েছে।
শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, “আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা বোর্ড, সিন্ডিকেট এবং হল প্রভোস্টের সিদ্ধান্তক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এছাড়া, শহীদ মুখতার ইলাহী হলের নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষার্থী তিন মাসের বেশি সময় হলে অনুপস্থিত থাকলে তার সিট অটোমেটিকভাবে বাতিল হয়ে যায়।
মন্তব্য করুন