
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ স্থগিত করেছেন। অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে দেশ দুটির সঙ্গে সমঝোতা হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার ফলে বিশ্বব্যাপী স্টক মার্কেটে অস্থিরতা দেখা দেয় এবং বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বাড়ে। তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউমের সঙ্গে আলোচনার পর ট্রাম্প শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, মেক্সিকো তাদের সীমান্তে নিরাপত্তা জোরদারে ১০ হাজার সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে। একই সঙ্গে, কানাডাও সীমান্ত নিরাপত্তায় কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া, মেক্সিকো ও কানাডা যৌথভাবে ফেনটানিলসহ অন্যান্য মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে।
ট্রাম্প আরও জানান, শুল্ক আরোপের বিষয়ে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা চলবে। তিনি চীনের সঙ্গেও আসন্ন ২৪ ঘণ্টার মধ্যে সংলাপে বসবেন, যাতে নতুন শুল্ক আরোপ এড়ানো যায়।
উল্লেখ্য, কানাডা, মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ তিনটি বাণিজ্যিক অংশীদার। গত শনিবার ট্রাম্প তিন দেশের পণ্যে শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে বর্তমান সমঝোতার ফলে এই আদেশ আপাতত স্থগিত থাকছে।
মন্তব্য করুন