বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছিলেন।
চিকিৎসকরা জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার দীর্ঘ ও ঘটনাবহুল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন