আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দীর্ঘ ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ছুটির সুবিধা ভোগ করতে পারবেন।
এদিকে বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উপস্থাপিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে সারাদেশে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা। বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নীতিমালায় পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা বজায় রাখতে কার্যকর ব্যবস্থাপনা ও অর্থায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলক করা হবে। একইসঙ্গে প্রতিটি পাবলিক টয়লেটে সেপটিক ট্যাংক স্থাপন নিশ্চিত করতে হবে এবং কোনো অবস্থাতেই টয়লেটের বর্জ্য নদী, খাল বা জলাশয়ে ফেলা যাবে না।
এছাড়া সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষদের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনে স্থানীয় সরকার বিভাগ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও জানিয়েছে মন্ত্রিসভা।
মন্তব্য করুন