দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে সতর্কবার্তা দিয়েছে দলটির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৮ জুন) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য সংগঠনের নজরে এসেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপি মিডিয়া সেলের পরিচয়ে একাধিক অননুমোদিত পেজ, গ্রুপ ও কমিউনিটি সক্রিয় রয়েছে।
এ অবস্থায় বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের কোথাও জেলা, মহানগর বা অন্য কোনো পর্যায়ে বিএনপি মিডিয়া সেলের নামে কোনো কমিটি গঠন করা হয়নি। ফলে নিজেদের বিএনপি মিডিয়া সেলের অনুমোদিত কমিটি হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা অননুমোদিতভাবে কমিটি প্রদান বা অনুমোদনের দাবি করছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বিএনপি মিডিয়া সেলের নামে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য, ভুয়া তালিকা ও অননুমোদিত কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন