
মুফতি আমির হামজা কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তুমুল হট্টগোল ও স্লোগানের মুখে পড়েছেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের উপস্থিতিতে তাকে কলেজ ক্যাম্পাস ত্যাগ করতে হয়।
বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। অনুষ্ঠান শুরু হতেই ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল ছাত্র মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
পরে এমপি মাঠে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে আবারও স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী মাঠের মধ্যেই বসে পড়েন, ফলে পুরো অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কলেজের অধ্যক্ষ সংসদ সদস্যকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। তবে সেখানেও শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান অব্যাহত রাখেন।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের পাহারায় এমপি আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
ঘটনার পর আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করা হয়, “কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে ছাত্রদলের নেতাকর্মীরা সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রেখেছিল।”
তবে অভিযোগটি অস্বীকার করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর। তিনি বলেন, “সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রাখার কোনো ঘটনা ঘটেনি। তিনি অধ্যক্ষের সঙ্গে কথা বলছিলেন। পরে আমার সঙ্গেই তিনি নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন।”
এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মন্তব্য করুন