
বিশিষ্ট শিল্পোদ্যোক্তা,এপেক্স গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ সময় সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এপেক্স গ্রুপের মানবসম্পদ বিভাগের একজন কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সৈয়দ মঞ্জুর এলাহী। মৃত্যুর সময় পাশে ছিলেন তার সন্তান সৈয়দ নাসিম মঞ্জুর ও মুনিজে মঞ্জুর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজই মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন বাংলাদেশের ব্যবসায়িক জগতের একজন পথিকৃৎ। ১৯৭২ সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজের মাধ্যমে ব্যবসায়িক যাত্রা শুরু করেন। ১৯৭৬ সালে ওরিয়েন্ট ট্যানারি কিনে প্রতিষ্ঠা করেন এপেক্স ট্যানারি, যা পরবর্তীতে দেশের অন্যতম শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে।
তার নেতৃত্বে এপেক্স গ্রুপ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের মতো প্রতিষ্ঠান গড়ে ওঠে। পাশাপাশি, তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সিপিডির ট্রাস্টি বোর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দুই দফায় (১৯৯৬ ও ২০০১) তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে যোগাযোগ, নৌপরিবহন, কৃষি ও মৎস্যসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
১৯৪২ সালের ২৬ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেওয়া সৈয়দ মঞ্জুর এলাহী ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষাজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন। তার বাবা স্যার সৈয়দ নাসিম আলী ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
সৈয়দ মঞ্জুর এলাহীর প্রয়াণে বাংলাদেশের শিল্প ও অর্থনীতির অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। তার কর্মময় জীবন প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মন্তব্য করুন