
মালয়েশিয়া বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ২৮ বাংলাদেশিসহ ১৩১ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সাজা শেষ হওয়ার পর নাগরিকত্ব যাচাই সম্পন্ন করে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। পাশাপাশি, যেন তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন, সেজন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।
রাজ্যের অভিবাসন বিভাগের বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে পেকান নেনাস বন্দিশিবির থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA-1 এবং KLIA-2) এর মাধ্যমে এই প্রত্যাবাসন কার্যকর করা হয়। ফেরত পাঠানোদের মধ্যে ৬৭ জন মিয়ানমারের, ২৮ জন বাংলাদেশি, ২১ জন থাই, ১০ জন পাকিস্তানি, ৪ জন ভারতীয় এবং ১ জন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন।
এর আগে, ৯ ফেব্রুয়ারি একই বন্দিশিবির থেকে ২৩ বাংলাদেশি, ২৩০ ইন্দোনেশিয়ান, ১৭ পাকিস্তানি, ৬ ভারতীয়, ১ শ্রীলঙ্কান এবং ১ সিঙ্গাপুরের নাগরিকসহ মোট ২৭৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়।
প্রত্যাবাসন সংক্রান্ত প্রক্রিয়া যেমন টিকিট কেনা বা অন্যান্য ব্যবস্থা, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর সার্ভিস কাউন্টারে সম্পন্ন করা যায়, যেখানে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হয় না।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, তারা প্রত্যাবাসনে কোনো মধ্যস্থতাকারী ব্যবহারকে উৎসাহিত করে না। যেকোনো প্রশ্নের জন্য সরাসরি রেকর্ডস এবং ট্রান্সফার ইউনিটের সঙ্গে যোগাযোগ করতে ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে মালয়েশিয়া তার অভিবাসন আইন আরও কঠোরভাবে বাস্তবায়নের বার্তা দিল, যা ভবিষ্যতে অবৈধ অভিবাসীদের জন্য সতর্কবার্তা হয়ে উঠতে পারে।
মন্তব্য করুন