
দুবাই থেকে বেঙ্গালুরু ফেরার পথে ১২ কোটি রুপির সোনাসহ গ্রেফতার হয়েছেন কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। রোববার রাতে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে হাতেনাতে ধরে ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স (DRI)। তবে রানিয়া দাবি করেছেন, তাকে ব্ল্যাকমেইল করে ফাঁসানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, কর্নাটক সরকার রানিয়াকে ১২ একর শিল্প জমি বরাদ্দ দিয়েছিল, যেখানে তিনি ১৩৮ কোটি রুপির স্টিল কারখানা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ‘ক্ষীরদা প্রাইভেট লিমিটেড’ নামের কোম্পানির পরিচালক রানিয়া ও তার ভাই ঋষভ।
ডিআরআইয়ের অভিযানে রানিয়ার বাসা থেকে ২.৬৭ কোটি রুপি নগদ ও ২.০৬ কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়। মোট উদ্ধার করা সম্পদের মূল্য ১৭.২৯ কোটি রুপি।
পুলিশ সূত্রে জানা গেছে, এমিরেটস ফ্লাইটে দুবাই থেকে ফেরার পর রানিয়া কনস্টেবল বাসবরাজুর সহায়তায় নিরাপত্তা চৌকি এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু আগেই গোয়েন্দাদের কাছে খবর থাকায়, তল্লাশিতে তার জ্যাকেটের ভেতর থেকে ১৪.২ কেজি বিদেশি সোনা (মূল্য ১২.৫৬ কোটি রুপি) উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কনস্টেবলকেও গ্রেফতার করা হয়েছে। রানিয়াকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পরপ্পানা অগ্রহার কোয়ারেন্টাইন সেলে রাখা হয়েছে।
অন্যদিকে, রানিয়ার বাবা কন্নড় আইপিএস কর্মকর্তা ড. কে রামচন্দ্র রাও জানিয়েছেন, মেয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, “আমরা জানতামই না সে কী ধরনের ব্যবসায় জড়িত। যা ঘটেছে, তা আমাদের জন্য বড় ধাক্কা।”
উল্লেখ্য, রানিয়া রাও বেশ কয়েকটি জনপ্রিয় কন্নড় ও তামিল ছবিতে অভিনয় করেছেন। তবে এই ঘটনায় তার ক্যারিয়ার ও ব্যক্তিজীবন দুটোই গভীর সংকটে পড়েছে। তদন্ত চলছে, আরও চমকপ্রদ তথ্য সামনে আসতে পারে!
No tags found for this post.
মন্তব্য করুন