
কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টায় তিনি ইতালির রোম ত্যাগ করেন। পরে সোমবার (২৮ এপ্রিল) রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় পৌঁছায়।
এর আগে, শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অংশ নেন ড. ইউনূস। সফরের অংশ হিসেবে তিনি শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা—কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাড। তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচন ও মানবিক নেতৃত্বের স্মৃতিচারণ করেন এবং ড. ইউনূসের কাজের প্রশংসা করেন। তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু বলেও উল্লেখ করা হয়।
পোপের প্রতি শ্রদ্ধা জানাতে ড. ইউনূস বলেন, পোপ ছিলেন একজন অসাধারণ মানবিক নেতা, যিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আপন করে নিতে পারতেন।
এছাড়া শনিবার ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের ভ্যাটিকান অফিসের সাবেক স্থায়ী পর্যবেক্ষক কার্ডিনাল তোমাসি। বৈঠকে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বিকেলে রোমের এক হোটেলে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল কুভাকাড। তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন ধর্মের নেতারা অংশ নেবেন।
এদিন আরও, উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের বর্তমান অবস্থা এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন