
স্কুলে যাতায়াতের পথে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নানাকে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায় দক্ষিণ গ্রামে।
নিহতের নাম আজগর আলী (৫৫)। তিনি ওই গ্রামের মৃত রশিদ খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ বছর বয়সী ইসরাত জাহান নামের এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে দীর্ঘদিন ধরে এলাকার একদল বখাটে তাকে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে তার নানা আজগর আলী সোমবার সিঙ্গাইর থানায় অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্তরা অভিযোগ তুলে নিতে পরিবারকে হুমকি দিতে থাকে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত আলামিনের নেতৃত্বে কয়েকজন যুবক আজগর আলীর দোকানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
মন্তব্য করুন