
মাদারীপুরের শিবচরে মসজিদের উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চান্দেরচর বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আবদুল লতিফ মুন্সির বিচার দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লি ও এলাকাবাসী।
শুক্রবার (২ মে) জুমার নামাজ শেষে উপজেলার চান্দেরচর বাজার এলাকায় এই মানববন্ধনে অংশ নেন শতাধিক মানুষ। তারা অভিযোগ করেন, মসজিদের উন্নয়ন ও দোকান বরাদ্দ বাবদ স্থানীয় জনগণ ও অনুদানদাতাদের কাছ থেকে লাখ লাখ টাকা সংগ্রহ করা হয়। তবে এসব অর্থ মসজিদের কাজে না লাগিয়ে আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বক্তারা বলেন, “মসজিদের নামে টাকা তুলে কেউ তা আত্মসাত করলে সে মানুষ না। যারা ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাত করে, তারা সমাজের জন্য কলঙ্ক। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
স্থানীয়রা জানান, নিচতলায় থাকা দোকান বরাদ্দ বাবদ প্রতিটি দোকান থেকে ৭-৮ লাখ টাকা নেয়া হয়েছে এবং প্রতি মাসে ভাড়াও আদায় করা হয়। কিন্তু মসজিদের উন্নয়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
তারা দ্রুত আত্মসাৎকৃত অর্থ ফেরত দিয়ে মসজিদের উন্নয়ন কাজে লাগানোর দাবি জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মন্তব্য করুন