
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাদারীপুর সদর উপজেলার একই পরিবারের চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন স্থানীয় মসজিদের ইমাম ছিলেন। নিহতরা হলেন মিঠাপুর গ্রামের মাওলানা সামাদ ফকির, তার ছেলে হাফেজ বিল্লাল ফকির, স্ত্রী সাহেদা বেগম ও মেয়ে আফসানা আক্তার। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক মাহবুব সরদারসহ মোট ৫ জন নিহত হন এবং আহত হন আরও অন্তত ৩ জন। স্থানীয়রা জানান, সামাদ ও বিল্লাল এলাকার দুটি মসজিদে ইমামতির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে রওনা দিয়েছিলেন বিল্লাল। কিন্তু নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে গেলে রাস্তার পাশে থামানো হয়। এ সময় পিছন থেকে ঢাকাগামী একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান পরিবারের চারজন ও চালক। ভাগ্যক্রমে বেঁচে যান রোজিনা, পরে একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের একসঙ্গে দাফনের জন্য খোঁড়া হয়েছে পাশাপাশি চারটি কবর। স্থানীয়রা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানিয়েছেন, পরিবার থেকে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
মন্তব্য করুন