ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম পিন্টু।
তিনি বলেন, “দীর্ঘদিন নির্যাতন সহ্য করে আন্দোলন করতে হয়েছে, কারাগারে দিন কাটাতে হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখে তাকে হত্যার নীলনকশা করা হয়েছিল। এখনো নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণ জেগে উঠেছে— তারা গণতন্ত্রের পক্ষে।”
আব্দুস সালাম পিন্টু আরও বলেন, “আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তার নেতৃত্বে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস।
অন্যদের মধ্যে বক্তব্য দেন অনির্বাণ আমীর দুখু, তরিকুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন, এতে পুরো বাসস্ট্যান্ড চত্বর মুখর হয়ে ওঠে স্লোগানে।
মন্তব্য করুন