
গাজীপুরে ছাত্রদের ওপর হামলা এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে সাতক্ষীরায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিও তোলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, “গণঅভ্যুত্থানের ছয় মাস পার না হতেই আবারও দমন-পীড়নের পথে হাঁটছে ফ্যাসিবাদী শক্তি। যতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার না হবে, ততদিন আমরা রাজপথে থাকব।”
মিছিলে আরও বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি, তালা উপজেলা ছাত্র প্রতিনিধি ফুল, জাতীয় নাগরিক কমিটির সদস্য ইলিয়াস হোসেনসহ অনেকে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
মন্তব্য করুন