থাইল্যান্ডে আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে পারে, তবে এটি এখনও নিশ্চিত নয়। বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে এই সম্ভাবনার কথা জানান।
মঙ্গলবার ঢাকায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সামিটে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগ দেবেন। তবে সাইড লাইনে নেতা-নেত্রীরা একে অপরের সঙ্গে বৈঠক করবেন, এবং তা সদস্য দেশগুলোর পারস্পারিক আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
এদিকে, ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদি। যদিও তাদের বৈঠক নিয়ে কোনো নিশ্চয়তা নেই, তবে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, বিমসটেক এবং সার্কের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই উল্লেখ করে মহাসচিব বলেন, একাধিক ফোরামে একই দেশ কাজ করতে পারে। তিনি জানান, বাংলাদেশ বিমসটেককে শক্তিশালী করতে কাজ করছে এবং এই সংগঠনে তারা যথাযথ সহযোগিতা পাচ্ছে।
মন্তব্য করুন