
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচনের জন্য যে যে সংস্কার প্রয়োজন, তা করুন। কিন্তু দেরি না করে দ্রুত নির্বাচন দিন।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতেও সংস্কারের নামে ক্ষমতা দখলের চেষ্টা করা হয়েছিল, যা টেকেনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা জানি, ১/১১-তে সংস্কারের কথা বলে একটি বিশেষ গোষ্ঠী ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। মঈনউদ্দীন-ফখরুদ্দীন তখন সংস্কারের কথা বলে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল, কিন্তু তাদের বিদায় নিতে হয়েছিল।’’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এই সমাবেশের আয়োজন করে যশোর জেলা বিএনপি।
বিএনপি মহাসচিব বলেন, “প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, বিশ্বের নেতারা ও অর্থনীতিবিদরা তাকে শ্রদ্ধা করেন। আমরা আশাবাদী, তিনি সুবিবেচকের মতো দ্রুত সবার অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।”
যশোর বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন