
চট্টগ্রামের খাল থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা মরদেহকে নিজের নিখোঁজ ছেলের বলে শনাক্ত করে দাফন করেছিলেন এক বাবা। কিন্তু দাফনের পাঁচদিন পর আচমকাই জানা গেল, তার ছেলে এখনো জীবিত। এমন বিরল ও চমকপ্রদ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কোতোয়ালি এলাকায়। জানা যায়, গত ৩ মে রুমঘাটা এলাকার খাল থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ, যা পরদিন ভোলা থেকে আসা উবাইদুল্লাহ তার ছেলে আবদুর রহিম হিসেবে শনাক্ত করেন এবং ময়নাতদন্ত শেষে মরদেহটি ভোলায় নিয়ে দাফন করেন। পরে হঠাৎ আবদুর রহিমের মোবাইল চালু হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অনুসন্ধান শুরু করে এবং রহিমকে জীবিত অবস্থায় খুঁজে পায়। জানা যায়, ঋণের দায়ে আত্মগোপনে গিয়ে মোবাইল বন্ধ রেখেছিলেন নির্মাণশ্রমিক রহিম। ভুলবশত অন্য একজনের মরদেহকে নিজের ছেলে ভেবে দাফন করেছিলেন উবাইদুল্লাহ। পিবিআই জানিয়েছে, মরদেহটি ফুলে বিকৃত হয়ে যাওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। এখন পর্যন্ত সেই অজ্ঞাতনামা মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি। ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে, যেকোনো নিখোঁজ ব্যক্তির পরিচয় মেলাতে তা ব্যবহার করা হবে।
মন্তব্য করুন