নোয়াখালী সদর উপজেলায় বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর ফিরিঙ্গি পোল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতা হলেন জাকির হোসেন ওরফে আলো (৪৫), যিনি নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি তার বাড়িতে এক ভোজের আয়োজন করেন। সেখান থেকে খাওয়া শেষে জাকির মাইজদী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে ফিরিঙ্গি পোল এলাকায় পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে ব্যারিকেড দেয়।
পরে তাকে মারধর করে রাস্তার পাশে একটি ক্ষেতে নিয়ে যাওয়া হয় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় যুবদল নেতা খন্দকার আরাফাত আহমেদ দিপুও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা পিয়াস ও বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন বাবুল বলেন, “পূর্বপরিকল্পিতভাবে জাকিরকে রাস্তায় আটকে কুপিয়ে আহত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।”
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম বলেন, “জাকির আমাকে কানে কানে জানায়, হামলায় নেতৃত্ব দিয়েছে যুবলীগ নেতা পিয়াস।”
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, “ঘটনার সত্যতা পাওয়া গেছে, মামলার প্রক্রিয়া চলছে।”
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কোনো গ্রেপ্তার বা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
No tags found for this post.
মন্তব্য করুন