ফরিদপুরের বাখুন্ডায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে শরিফ জুটমিলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ‘ফারিয়া’ পরিবহনের একটি লোকাল বাস ফরিদপুরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা খায় বিদ্যুতের খুঁটির সঙ্গে। সঙ্গে সঙ্গে বাসটি উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ছুটে এসে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহতদের মধ্যে একই পরিবারের বাবা ও ছেলে রয়েছেন – মো. জোয়ার সরদার (৫৮) ও ইমান সরদার (৩৫)। এছাড়াও নিহত হন ফজিরুন নেছা (৬০), শ্রাবন হাসান (৪০), আজিবুর (৪৩), ভারতি সরকার (৪০) এবং দীপা খান (৩৪)।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বাসের নিচে চাপা পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম ধারণা করছেন, দ্রুতগামী একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে এবং পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পেছনে প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
No tags found for this post.
মন্তব্য করুন