ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শেষ হয়েছে মোনাজাতের মাধ্যমে। শনিবার (১২ এপ্রিল) বিকাল পৌনে ৪টায় শুরু হয়ে ৪টার দিকে শেষ হয় এই মোনাজাত, যেটি পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। বিশাল এই সমাবেশে বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। উপস্থিত জনতাকে উদ্দীপ্ত করেন তাদের বক্তব্য ও স্লোগানে। উপস্থাপনায় ছিলেন মুফতি রেজাউল করিম আবরার।
বিকাল সোয়া ৩টার দিকে আজহারী বলেন, “এই গণসমুদ্র প্রমাণ করে, আমাদের হৃদয়ে একেকটা ফিলিস্তিন জেগে আছে।” তিনি স্লোগান তোলেন— “আমার ভাই শহিদ কেন? জাতিসংঘ, জবাব চাই!” মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে সমগ্র সোহরাওয়ার্দী উদ্যান। আরও ধ্বনিত হয়— “ফিলিস্তিন-জিন্দাবাদ”, “আল কুদুস-জিন্দাবাদ”।
এর আগে সকালে নিজের ফেসবুক পেজে আজহারী লেখেন, ‘আজকের মার্চ ফর গাজা নিছক কোনো পদযাত্রা নয়, এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধ।’
এ কর্মসূচিতে রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী, শিল্পী, সাহিত্যিক, কবি এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিরাও অংশ নেন। দলমত নির্বিশেষে লাখো মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে।
No tags found for this post.
মন্তব্য করুন