
সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজমির হোসেন (৩০) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শনিবার (২৬ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকার ২নং ওয়ার্ডের চালা পতেঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে আজমির হোসেনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তিনি পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে চালা পতেঙ্গা মসজিদের সামনে যমুনার শাখা নদীর পাশে বনের ভেতর থেকে এক শিশুর চিৎকার শুনে তারা এগিয়ে যান। সেখানে গিয়ে তারা আজমিরকে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর ওপর নির্যাতনের চেষ্টা করতে দেখে। শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা ঘটনাস্থলে আজমিরকে ধরে গণধোলাই দেন।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারিক বলেন, “এক যুবককে স্থানীয়রা গণধোলাই দিচ্ছে—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
মন্তব্য করুন