ঢাকা, ২৮ অক্টোবর – ইউরোপে উন্নত জীবনের প্রলোভনে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় আটক হওয়া আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।
মঙ্গলবার দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসিত এই নাগরিকদের পথ খরচ, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেছে।
প্রত্যাবাসন সম্ভব হলো সমন্বিত উদ্যোগে ফেরত আসা নাগরিকদের দেশে আনতে কাজ করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ার সরকার এবং আইওএম। ফেরত আসা অনেকেই লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফেরা নাগরিকদের তাদের তিক্ত অভিজ্ঞতা জনসাধারণের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে মানুষ মানবপাচার ও অনিয়মিত অভিবাসন সম্পর্কে সচেতন হয়।
এছাড়া মন্ত্রণালয় নিশ্চিত করেছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও যারা বন্দি আছেন, তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সরকার, দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ করছে।
মন্তব্য করুন