আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র রাজশাহী মহানগর সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সদস্য পরিমল চন্দ্র ওঁরাও।
সোমবার (২৭ অক্টোবর) রাতে তিনি এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারীর কাছে পদত্যাগপত্র জমা দেন।
পরিমল চন্দ্র ওঁরাও বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায় হলেও বর্তমানে তিনি রাজশাহীতে বসবাস করছেন। এ কারণেই তিনি এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটিতে সদস্য পদে ছিলেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘সম্প্রতি ব্যক্তিগত জীবনে কিছু নতুন দায়িত্ব ও উদ্যোগের কারণে আমার সময় ও মনোযোগ সম্পূর্ণভাবে সেদিকে দিতে হচ্ছে। এ পরিস্থিতিতে দলের কাজে আগের মতো মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না, যা দলের প্রতি অন্যায় হবে বলে মনে করি।’
যোগাযোগ করা হলে পরিমল চন্দ্র ওঁরাও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি নওগাঁ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। তাই এনসিপি থেকে পদত্যাগ করেছি। আমি আর এনসিপিতে থাকছি না।’
এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী লাল্টু বলেন, ‘তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। বিষয়টি নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়ায় পাঠানো হবে।’
মন্তব্য করুন