হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারলেন না বাংলাদেশি ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতার মাঝেও একাই লড়াই করেছেন ওপেনার তানজিদ তামিম। ইনিংসের শুরুতে ১২ রানে জীবন পাওয়া এই বাঁহাতি ব্যাটার খেলেছেন ৮৯ রানের দারুণ এক ইনিংস। শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে প্রায় একাই দলের রান টেনে নিয়ে যান তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার লিটন দাস ইনিংসের শুরুতেই ব্যর্থ হন। তার বিদায়ের পর আর কেই বেশি রান করতে পারেননি। অন্যপ্রান্তে একের পর এক সঙ্গী হারালেও মনোযোগ ধরে রেখে খেলে যান তানজিদ।
একটি প্রান্ত আগলে রেখে ৫৪ বলে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৯টি চারে ও ৩টি ছয়ের মার। শেষ ওভারের প্রথম বলেই ফেরেন তিনি। তার ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষদিকে তাসকিন আহমেদ সামান্য কিছু রান যোগ করেন। তবে দলের রান বড় করার মতো সহায়তা কেউ দিতে পারেননি।
এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ দল ভালো সূচনা পায়নি। প্রতিপক্ষ বোলারদের শুরুর ওভারগুলোতেই চাপে পড়ে যায় দল। মাঝের ওভারে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়েও বাড়তি রান তুলতে হিমশিম খায় টাইগাররা।
হোয়াইটওয়াশ এড়াতে এ ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে ১৫১ রানের পুঁজি নিয়ে জয়ের স্বপ্ন দেখা কঠিনই হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
মন্তব্য করুন