অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা এলেও এতে নতুন সংকট দেখছে জামায়াতে ইসলামী। দলটি বলছে—সংবিধান সংস্কারের প্রশ্নে জনগণের চূড়ান্ত মতামত জানার জন্য নির্বাচনের আগেই গণভোট হওয়া জরুরি ছিল।
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অবস্থান তুলে ধরেন। এর কয়েক ঘণ্টা আগে উপদেষ্টা পরিষদ অনুমোদনের পর রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন। পরে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন—একদিনেই হবে নির্বাচন ও গণভোট।
যদিও সংবাদ সম্মেলনে জামায়াত নির্বাচনের আগে গণভোটের দাবি ধরে রাখে, দলটির একাধিক সূত্র জানিয়েছে—সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের নিশ্চয়তা এবং পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় দলটি মূলত সন্তুষ্ট। এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সব দাবি পূরণ না হলেও দু’টি প্রধান দাবি বাস্তবায়নের পথে। রাজনৈতিক কৌশলের কারণেই নির্বাচনের আগে গণভোটের কথা বলা হচ্ছে।’
তিনি আরও জানান, জামায়াত সনদ বাস্তবায়ন আদেশকে প্রত্যাখ্যান করবে না এবং নির্বাচন–গণভোট একসঙ্গে করার সিদ্ধান্তের বিরুদ্ধেও কোনো আন্দোলনে নামবে না।
জামায়াতের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল—রাষ্ট্রপতি নয়, বরং প্রধান উপদেষ্টা আদেশ জারি করবেন। তবে সেটি বাস্তবায়িত না হলেও দলটি তাদের অর্জিত সংস্কারগুলোকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে। বিশেষ করে—
পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের নিশ্চয়তা,তত্ত্বাবধায়ক সরকার কাঠামো,সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সংস্কার,এসবই জুলাই সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে গণভোটে অন্তর্ভুক্ত হওয়ায় দলটি সন্তুষ্ট।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি। তিনি বলেন, ‘নির্বাচনের আগে গণভোট হলে জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে জনগণের সিদ্ধান্ত আরও স্পষ্ট হতো। গণভোটের প্রশ্ন নির্ধারণ নিয়েও প্রধান উপদেষ্টার বক্তব্য বিশ্লেষণ করা জরুরি।’
তার দাবি, জামায়াতসহ আটটি দল সংকট নিরসনের জন্য নির্বাচনের আগে গণভোট চেয়েছিল, যা আইনগত ভিত্তিকে আরও শক্তিশালী করত। ‘এই সংকট কিন্তু থেকেই গেল,’ বলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হামিদ ও এহসানুল মাহবুব যোবায়েরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা।
রাতেই জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক বসে। দলীয় সূত্র জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং একই দিনে নির্বাচন–গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে দলটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শিগগিরই জানাবে।
মন্তব্য করুন