
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, দেশে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে অন্তত ৪ থেকে ৫ বছর সময় লাগবে। তিনি সোমবার (০৩ ফেব্রুয়ারি) সিরিয়া টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই সময়ের মধ্যে সঠিক পরিকাঠামো গড়ে তোলা, নতুন ভোটার তালিকা প্রস্তুত করা এবং জনগণের সঠিক তথ্য সংগ্রহ করা হবে, যা একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয়।
শারা আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সিরিয়ায় অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা চালু হবে এবং পরে জনগণ নির্বাচিত প্রেসিডেন্ট ও গণতান্ত্রিক সরকার পাবে। তবে তিনি স্পষ্ট করেননি কোন আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, তিনি জানান, একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের অন্তর্ভুক্ত করা হবে, এবং সেই সম্মেলনে দেশের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। নতুন সংবিধান প্রণয়ন হতে প্রায় তিন বছর সময় লাগতে পারে বলে শারা উল্লেখ করেন।
মন্তব্য করুন