
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। মোনাজাতটি পরিচালনা করবেন শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি, হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের আহমেদ।
শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন,”আজ বাদ ফজর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুকের বয়ান শোনা যাবে। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান করবেন।”
এদিন দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে,যেটি পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের আহমেদ। উল্লেখ্য, তিনি প্রথম পর্বের আখেরি মোনাজাতও পরিচালনা করেছিলেন।
এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দ্বিতীয় ধাপ শুরু হয়েছিল ৩ ফেব্রুয়ারি, এবং আজ এর সমাপ্তি ঘটবে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৪ ফেব্রুয়ারি শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্বে ভারতের মাওলানা সাদ অনুসারীরা অংশগ্রহণ করবেন।
তবে, গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আগামী বছর থেকে টঙ্গি ময়দানে মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা বা তাবলিগি কার্যক্রম আয়োজন করতে পারবেন না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, “শনি ও রবিবার তুরাগ তীরে ইজতেমার মাঠ মাওলানা সাদের অনুসারীদের কাছে হস্তান্তর করা হবে।”
মন্তব্য করুন