আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেবো না।”
শনিবার (২২ মার্চ) বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন আখতার হোসেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি-ঢাকা মহানগর এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে আখতার হোসেন বলেন, “বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ কখনোই কোনো হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি বা দুঃখ প্রকাশ করেনি। আজ যদি কেউ আওয়ামী লীগের পক্ষে দাঁড়ায়, তবে জনগণ তার বিরুদ্ধে অবস্থান নেবে।”
তিনি আরও বলেন, “এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রক্ষা করতে কেউ আসলে, জনগণ তা মেনে নেবে না। ৭ মাস হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেয়নি। সরকারকে স্পষ্ট করে বলছি—দ্রুত বিচার কার্যক্রম শুরু করুন এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ নিন।”
আখতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। খুব দ্রুত তাদের দলীয় নিবন্ধন বাতিল করতে হবে। যদি তা না করা হয়, তাহলে ছাত্র ও জনতা রাজপথে নেমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।”
সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন