
সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ অপরাধে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি জানা গেছে। পত্রটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে।
বিআরটিএ জানায়, গ্যাস বা পেট্রলচালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার চালকরা সরকার নির্ধারিত মিটারভাড়ার চেয়ে বেশি টাকা নিতে পারবেন না। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, চালকরা নির্ধারিত রুটের মধ্যে যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং অতিরিক্ত ভাড়া দাবি করতে পারবেন না।
আইনের ব্যত্যয় ঘটলে ধারা ৮১ অনুযায়ী, সংশ্লিষ্ট চালক অনধিক ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া, চালকের লাইসেন্স থেকে একটি দোষসূচক পয়েন্ট কর্তনের বিধান রয়েছে।
বিআরটিএ আইন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
মন্তব্য করুন