নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজন আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তার আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া।
রায় ঘোষণার সময় আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল। এই মামলায় খালেদা জিয়া ছাড়া আরও সাতজন আসামি ছিলেন। তারা হলেন— বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহিদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক এবং নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ।
আদালতের রায়ের পর আসামিপক্ষের আইনজীবীরা এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আপিল করবে কি না, সে বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি।
মন্তব্য করুন